সংশোধন হচ্ছে ব্যাংক আইন

রাজনৈতিক ব্যক্তিদের পরিচালক হওয়ার পথে আসছে নিষেধাজ্ঞা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৬ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • এক পরিবার থেকে সর্বোচ্চ দুইজন পরিচালক হতে পারবেন
  • পরিচালকদের মেয়াদ অর্ধেক করার প্রস্তাব
  • খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ বন্ধের প্রস্তাব
  • ব্যাংক-কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব ইতিবাচক: অর্থনীতিবিদরা

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদে পারিবারিক প্রভাব কমানো, খেলাপি ঋণ আদায় জোরদার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এরইমধ্যে এ-সংক্রান্ত সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সরকারের মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার পদে থাকা ব্যক্তি, জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

সংশোধনী কার্যকর হলে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্য থাকার সর্বোচ্চ সংখ্যা তিনজন থেকে কমে দুজন হবে। পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমে ছয় বছর হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো, মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ এবং ব্যাংকের শেয়ার ধারণে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের অনুপস্থিতি, খেলাপি ঋণ আদায়, ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পরবর্তী কার্যক্রম এবং আইন লঙ্ঘনের জরিমানার পরিমাণেও পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকের সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ব্যাংক-কোম্পানি আইন সংশোধনের এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের দুজনের বেশি সদস্য থাকা উচিত নয়। পরিচালকদের মেয়াদ ছয় বছর করা এবং মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে থাকার সুযোগ বন্ধ করাও প্রয়োজন। তাদের অভিমত, এসব উদ্যোগ অতীতে ব্যাংক খাতে সংঘটিত লুটপাট বন্ধে বাধা হিসেবে কাজ করবে। অতীতে ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের একাংশ ব্যাংক লুটপাট করেছেন। ব্যাংকিং খাতের বর্তমান দুরবস্থার কারণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারছে না। তাই আর্থিক খাত পুনরুদ্ধারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। এটাই হওয়া উচিত প্রথম কাজ। তবে আইনের খসড়া পর্যালোচনায় দেখা যায়, ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে আইনের ১৫ ধারার উপধারা (১০) সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি একক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনীতে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকলে বিদ্যমান বিধানের কার্যকারিতা ও কঠোরতা কমে যায়। তাই অনাদায়ী ও খেলাপি ঋণ আদায়ের স্বার্থে বিধানটি আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ছাড়া একই পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্বের সুযোগও কমানোর প্রস্তাব রয়েছে। আইনের ২৩ ধারার উপধারা (১)-এর দফা (কক) সংশোধন করে একই পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক থাকার সংখ্যা সর্বোচ্চ দুটি থেকে কমিয়ে একটি করার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘ সময় দায়িত্বে থাকলে পরিচালকদের ব্যক্তিগত স্বার্থের বিষয় তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ইনসাইডার লেন্ডিং বা অভ্যন্তরীণ স্বার্থসংশ্লিষ্ট ঋণ দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই পরিচালকদের মেয়াদ ছয় বছরে সীমিত করার উদ্যোগ সমর্থন করা উচিত।

বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকতে পারেন। এ ক্ষেত্রে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। তবে পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা অন্তত দুজন হতে পারে। প্রস্তাবিত সংশোধনীতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ২০ জন হলে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক রাখার কথা বলা হয়েছে। আর পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে। অর্থাৎ পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা বাড়বে।

আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানার ক্ষতি ৫ হাজার ১৩৬ কোটি টাকা: বিজিএমইএ

এ বিষয়ে অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন, এক পরিবার থেকে দুজনের বেশি সদস্যের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা উচিত নয়। অতীতে এক পরিবার থেকে একাধিক সদস্যের পরিচালক হওয়ার সুযোগ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে। তাই এ সংখ্যা সীমিত করার উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত। ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন একই ব্যক্তির অবস্থান সীমিত করতে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। আইনের ১৫ক ধারায় এ পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি একটি ব্যাংক-কোম্পানির পরিচালক পদে একটানা সর্বোচ্চ ১২ বছর থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে এ সময়সীমা হবে ছয় বছর। তবে ছয় বছর দায়িত্ব পালনের পরপরই আবার একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে আগের মতোই তিন বছর বিরতি দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া পরিচালক পদে তিন বছরের কম সময় দায়িত্ব পালন করলেও সেই সময়কে একটানা ছয় বছরের মেয়াদ গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত সংশোধনীর যৌক্তিকতা হিসেবে পরিচালনা পর্ষদে করপোরেট সুশাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এদিকে, ব্যাংকের পরিচালক পদ শূন্য হলে সংশ্লিষ্ট পরিচালকের কাছে পাওনা অর্থ আদায়ের বিধান আরও কঠোর করার প্রস্তাব করা হয়েছে। আইনের ১৭ ধারার উপধারা (৫)-এর সংশোধনীতে বলা হয়েছে, কোনো পরিচালকের পদ শূন্য হলে তার কাছে পাওনা টাকা সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানিতে তার শেয়ার সমর্পণের মাধ্যমে আদায় করা হবে। এভাবে সমন্বয়ের পরও কোনো টাকা বকেয়া থাকলে তা সরকারি পাওনা হিসেবে গণ্য হবে এবং পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায়যোগ্য হবে। প্রস্তাবিত সংশোধনীতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ বা আদায় করতে হবে। পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ওই অগ্রিম বা ঋণ নিয়মিত করা যাবে না। প্রস্তাবটির যৌক্তিকতায় বলা হয়েছে, পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকলে বিদ্যমান বিধানের কার্যকারিতা ও কঠোরতা কমে যায়। তাই অনাদায়ী ও খেলাপি ঋণ আদায়ের স্বার্থে বিধানটি আরও শক্তিশালী করা প্রয়োজন।