শুক্রবার ছুটির দিনভর দুর্ভোগের ‘বৃষ্টি’
- থেমে থেমে বৃষ্টিতে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ
- নগরজুড়ে যাতায়াত ও পরিবহন সংকট
- নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের সীমাহীন কষ্ট
- ছুটির দিনের বৃষ্টির দাপটে আনন্দ ম্লান
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ছুটির দিনের নগরবাসির আনন্দ ম্লাণ ও স্বস্তি কেড়ে নিয়েছে জনদুর্ভোগের ‘বৃষ্টি’। এদিন সকাল থেকে দিনভর থেমে থেমে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এতে ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়া ও ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। আর জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। বৃষ্টির পানিতে সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন, যানবাহনের সংকট ও দীর্ঘ যানজটে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।
গতকাল শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভিজেছে নগরীর সড়ক ও অলিগলি। ছুটির দিন হওয়ায় এমনিতেই সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বৃষ্টির কারণে প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে বাড়তি বিড়ম্বনায়। বিশেষ করে গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রী, পথচারী ও রিকশায় চলাচলকারীদের দুর্ভোগ ছিল বেশি। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিকশাচালক, ভাসমান দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে গেছে। বৃষ্টির কারণে অনেক দোকানপাটে ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। রাস্তায় যাত্রী কম থাকায় রিকশাচালকদের আয়ও কমেছে। অন্যদিকে বৃষ্টির সুযোগে কিছু এলাকায় রিকশা ও অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। শুধু তাই নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ছিটকে পথচারীদের পোশাক ভিজে যাওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ভোগান্তি ছিল বেশি। টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ব্যাহত হয়েছে রাজধানীর স্বাভাবিক জনজীবন। বিশেষ করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। যাদের প্রতিদিনের আয়েই চলে সংসার, বৃষ্টির কারণে তাদের অনেকেরই বন্ধ হয়ে গেছে রোজগারের পথ। যাত্রী না থাকায় রিকশাচালকরা অলস সময় কাটাচ্ছেন, ক্রেতা না আসায় বিক্রি করতে পারছেন না সবজি বিক্রেতারা। একদিকে বৃষ্টিতে চলাচলের দুর্ভোগ, অন্যদিকে আয় কমে যাওয়ায় সংসার চালানোর দুশ্চিন্তা। সব মিলিয়ে বৃষ্টির দিনটি খেটে খাওয়া মানুষের জন্য হয়ে উঠেছে বাড়তি কষ্টের। এদিন বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদাসহ বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম। বিশেষ করে রিকশাচালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই ক্রেতা কিংবা যাত্রীর অপেক্ষায় বসে আছেন। স্বাভাবিক দিনে যে সময়টায় তাদের ব্যস্ত থাকার কথা, বৃষ্টির কারণে সেই সময় কাটছে অপেক্ষায়। কেউ বৃষ্টি থেকে বাঁচতে দোকানের নিচে আশ্রয় নিয়েছেন, কেউ আবার যাত্রী পাওয়ার আশায় সড়কের পাশে দাঁড়িয়ে আছেন। যাত্রাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন রিকশাচালক কালাম। বৃষ্টিতে যাত্রী কমে যাওয়ায় তার আয় কমেছে বলে জানান তিনি। কালাম বলেন, শুক্রবার দিন বেশি যাত্রী পাওয়া যায়। তবে আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় তেমন যাত্রী পাচ্ছি না। অন্যদিনের তুলনায় রাস্তাও ফাঁকা। শুধু রিকশাচালক নন, বৃষ্টির কারণে বেচাকেনা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সবজি বিক্রেতারাও। সবজি বিক্রেতা রায়হান আলী বলেন, সারাদিন বৃষ্টি হওয়ায় বেচাকেনা তেমন হয়নি। অন্যান্য সপ্তাহে শুক্রবার দুপুরের পর বেচাকেনা ভালো হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে বের হয়নি। ফলে ক্রেতাও কম এসেছে। নিম্ন আয়ের এসব মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজনও।
আরও পড়ুন: সড়কে হতাহতদের স্মরণে দিবস পালন, নিরাপদ ফুটপাত ও সড়ক নিশ্চিত করার আহ্বান ডিএনসিসির
বৃষ্টির কারণে কমেছে গণপরিবহনের সংখ্যা। বিভিন্ন স্থানে বৃষ্টি থেকে রক্ষা পেতে দোকান ও স্থাপনার নিচে আশ্রয় নিতে দেখা গেছে পথচারীদের। ছাতা কিংবা রেইনকোট ছাড়া বাইরে বের হওয়া অনেককে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি ছিল বেশি। মেহেদী হাসান ঝিগাতলার বাসিন্দা। সকালে মেঘলা আকাশ দেখে রেইনকোট ছাড়াই মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী থেকে মুগদার উদ্দেশে বের হন তিনি। তবে পথেই বৃষ্টির কবলে পড়েন। তিনি বলেন, যখন বের হয়েছিলাম, তখন বৃষ্টি ছিল না। তবে আকাশ মেঘলা ছিল। ভেবেছিলাম, বৃষ্টি আসার আগেই অফিসে পৌঁছাতে পারব। কিন্তু ফার্মগেট পার হতে না হতেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সেই বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতে তেজগাঁও পর্যন্ত চলে এসেছি। এখানে এসে বৃষ্টি আরও বেড়ে গেলে চায়ের টং দোকানে আশ্রয় নিয়েছি। গণপরিবহনের অপেক্ষায় থাকা আরেক পথচারী রাজিব বলেন, আমি মানিকনগর যাব, সেগুলোতে যাত্রী ছিল। দেখি, বাস পেলে বাসেই উঠে যাব। ভিক্টর ক্লাসিক ও গোল্ডেন সিটি বাসের সহকারী মাজেদ বলেন, রাস্তা ফাঁকা, যাত্রীও কম। এজন্য আজ সড়কে বাসও কম ছেড়েছি। বৃষ্টি থামলে হয়তো আরও বেশি বাস সড়কে নামানো হবে।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টির প্রভাবে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। হাটবাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি দিনমজুরদের কাজেও বিঘ্ন ঘটেছে। কোথাও কোথাও নিচু এলাকার সড়ক ও বসতবাড়ির আশপাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আবহাওয়া পরিস্থিতির কারণে অনেকের ছুটির দিনের পরিকল্পনাও ভেস্তে গেছে। বিনোদনকেন্দ্র, পার্ক ও খোলা জায়গায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত ঘরবন্দি থাকতে হয়েছে অনেককে। ফলে ছুটির দিনের আনন্দ অনেকের কাছেই পরিণত হয়েছে ভোগান্তিতে।
আরও পড়ুন: পাঁচ বছর পর বাদল হত্যা রহস্য উদঘাটন, দিনাজপুর থেকে আসামি গ্রেপ্তার
সংশ্লিষ্টদের মতে, নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, ড্রেন পরিষ্কার রাখা এবং সড়কের পানি দ্রুত অপসারণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে বৃষ্টির সময় মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।
প্রসঙ্গত, চলতি নভেম্বরের শেষ দিকে এসে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি শীতের স্থায়ী আগমনের ইঙ্গিত নয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনাও রয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে। ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তখনো বৃষ্টি শুরু না হলেও শিগগিরই এসব এলাকায় বৃষ্টি হতে পারে। তিনি বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির দুটি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে, অন্যটি বর্ষার পরে—অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে। আবহাওয়াবিজ্ঞানে একে ঘূর্ণিঝড় সৃষ্টির ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি বৈশিষ্ট্য বলা হয়। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবছর ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এরপর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরতে থাকায় উত্তর গোলার্ধে দিন ছোট এবং রাত বড় হতে শুরু করে। এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ থাকে। সমুদ্রপৃষ্ঠের পাশাপাশি পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ সঞ্চিত থাকে। সাগরের পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এ উষ্ণতার কারণে বাষ্পীভবনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়, যা লঘুচাপকে শক্তিশালী হতে সহায়তা করে। অনুকূল পরিস্থিতিতে লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সূর্যের দক্ষিণায়নের পাশাপাশি বাতাসের গতিবিধিও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে বলে জানান ড. মল্লিক।





