গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজি-দখলদারত্ব ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের’ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক্ষাৎ

নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যেই তারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জনগণকে বলেছিলেন, এর মাধ্যমে দেশে প্রয়োজনীয় সংস্কার করা হবে। পুলিশ, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রত্যাশা ছিল।

তিনি বলেন, সরকার যদি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে না পারে এবং গ্যাসের দাম কমাতে ব্যর্থ হয়, তাহলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসায়িক পরিবেশ আরও সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: পৌরমেয়র থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

নাহিদ ইসলাম বলেন, “আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে লুটপাট করার জন্য নয়; বরং জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য।”

তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় থাকবে আর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্তানরা লুটপাট ও বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে—এমন পরিস্থিতি জনগণ মেনে নেবে না। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

যাত্রাবাড়ীর পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ীতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। অথচ গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী ছিল অন্যতম ‘হটস্পট’।

সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং চোখ হারানো ব্যক্তিদের উপস্থিতির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে বিচারপ্রক্রিয়ায় যতটুকু অগ্রগতি হয়েছিল, পরবর্তী সময়ে তা আর এগোয়নি বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।