জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই এনসিপি, স্বতন্ত্র রাজনৈতিক লক্ষ্য নিয়েই এগোবে দলটি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, জামায়াত ইসলামীর নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায়, এই মুহূর্তে আমরা কোনো জোটে যাচ্ছি না।”
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ অপরিহার্য। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি জানিয়ে তিনি অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে নামার ঘোষণা দেন।
নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার মতো কোনো যুক্তি নির্বাচন কমিশন দেখাতে পারেনি।”
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
এসময় তিনি আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে বলেন, “অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর দুর্বলতার কারণেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। তাদের সংগঠিত হওয়ার পেছনে সরকারের ভেতরের সহায়তা রয়েছে। দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত।”





