১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা: নাহিদ ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করবেন। এসব আসনে এনসিপি প্রার্থী নাও দিতে পারে। অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটি বিবেচনা করা হবে।’
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার যথাযথভাবে পালন করতে পারেনি বলেই এখনও শহিদের সংখ্যা বাড়ছে।’
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।





