গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করা এখন সময়ের দাবি। এজন্য মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং তার স্ত্রী সালমা আলো রচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়—সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে আমাদের সুসংহত করতেই হবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, লেখক ও বিশিষ্ট চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ বিএনপির ‘ভিশন–২০৩০’ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। “রাষ্ট্রগঠনের যে রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল, তার মূল কাঠামো নির্ধারণের দায়িত্বে ছিলেন ড. মাহবুব উল্লাহ। পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ,” মন্তব্য করেন তিনি।





