‘বাংলাদেশে দিল্লির আধিপত্য ঠাঁই পাবে না’: হাসনাত আব্দুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে কোনোভাবেই ভিনদেশি আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এ দেশে দিল্লির রাজনৈতিক মসনদের প্রতিফলন ঘটানোর যেকোনো চেষ্টা প্রতিরোধ করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের মানুষের বিবেকের ওপর আঘাত। দীর্ঘদিন ধরে একটি বিশেষ রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করা গোষ্ঠী এখন ভিন্ন ভিন্ন পরিচয়ে—বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী কিংবা মিডিয়ার মুখ—পুনরায় সক্রিয় হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, পেশাজীবী গোষ্ঠী কিংবা তথাকথিত বুদ্ধিজীবীর মাধ্যমে বিদেশি প্রভাব এ দেশে ঢুকতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির কোনো পুনর্বাসন বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। গুলশানকেন্দ্রিক কিছু রাজনৈতিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের রক্তের দামের বিনিময়ে কোনো গোপন রাজনৈতিক সমঝোতা এ দেশে চলতে দেওয়া হবে না।

শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে আহ্বান তিনি তুলেছেন, তা বাস্তবায়নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একটি ন্যূনতম জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে।