এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি, ভাইরাল স্ক্রিনশট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৮ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশট ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী হিসেবে পরিচিত রুপক নন্দীর নাম উঠে আসে।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

স্ক্রিনশটে দেখা যায়, ফেসবুক মেসেঞ্জারে পাঠানো এক বার্তায় ইসরাত রায়হান অমি হুমকি দিয়ে লিখেছেন—আবদুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে আব্দুল হান্নান মাসউদসহ সংশ্লিষ্ট নেতাদের উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। একই সঙ্গে তিনি কঠোর প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন এবং ওই বার্তা নেতাদের কাছে পৌঁছে দেওয়ার দাবি করেন।

অন্যদিকে, অভিযুক্ত রুপক নন্দী তার ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে হান্নান মাসউদকে “আগুন নিয়ে না খেলতে” সতর্ক করে হুমকিমূলক বক্তব্য দেন। পোস্টে বলা হয়, সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে উত্তরাঞ্চলে হান্নান মাসউদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

এ বিষয়ে বক্তব্য জানার জন্য সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও তার ছেলে ইসরাত রায়হান অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে রুপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিন্ন পরিচয় দিয়ে কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, সম্প্রতি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চায়ের দোকানে বক্তব্য দেওয়ার সময় জনপ্রিয় প্রার্থীদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ হুমকি দেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি বাড়তে থাকে। তিনি বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, “এই ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত নিন্দনীয় এবং গভীর উদ্বেগজনক। বিষয়টি আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।