চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন ও নতুন প্রার্থী ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন ও নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক এলাকা) আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-পাঁচলাইশ) আসনে প্রাথমিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কথা থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার নির্বাচন করবেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে। চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনীত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, আর চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ আসনে তখনও কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে দল ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা আনন্দ মিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।