খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমেদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। এছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ সময় হাসপাতালে ছিলেন।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। জানাজার সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সংকটাপন্ন সময় পার করছিলেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।