খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মারা গেছেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন।
খবর পেয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান দলের স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
এ সময় তিনি মরহুম নিরব হোসেনের দুই ভাই মুসফিকুর রহমান ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।
ডা. পারভেজ রেজা কাকন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন মারা যান। জানাজায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।





