মিটিং-মিছিল ও দোষারোপ নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে: তারেক রহমান
বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধুমাত্র স্লোগান, মিছিল-মিটিং বা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। এজন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত যশোরের শিশু আফিয়াকে প্রতিশ্রুত ‘নতুন ঘর হস্তান্তর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা হবে এবং পানির সমস্যা দূর করা হবে। তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা পেতে পারে, এজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্ কর্মী নিয়োগ করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে, দেশকে এগিয়ে নিতে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি, একেবারে অবহেলিত মসজিদের ইমাম ও খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন ঘর পাওয়ার পর শিশু আফিয়ার মা মনিরা খাতুন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিএনপির চেয়ারপার্সনসহ সকলকে ধন্যবাদ জানান। একইভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় আফিয়া। শিশুটির অতি ফর্সা গায়ের রং দেখেই বাবার অস্বীকৃতি শুরু হয়। এরপর মা মনিরা খাতুন একাকী অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি সংবাদে প্রকাশিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।





