ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম
রাজনীতিতে ষড়যন্ত্র ও তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে সংসদে যাওয়ার সংস্কৃতি আর চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম। তিনি বলেন, কেউ কেউ ভোট ছাড়াই সংসদে যেতে চায়। সেই দিন শেষ হয়ে গেছে। সংসদে যেতে হলে জনগণের রায়ে যেতে হবে, ষড়যন্ত্র করে বিনা ভোটে নয়। জনগণ এখন সচেতন।
রাজধানীর বাড্ডা থানাধীন সাঁতারকুল এলাকায় ৪১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দেশের রাজনীতিতে আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে। আদালতে দৌড়ে কিংবা ভুয়া অভিযোগ তুলে রাজনীতি করলে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের দরজায় যেতে হয়।
গণমাধ্যমকর্মীরা নাহিদের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
তিনি আরও বলেন, বিএনপি যে কথা দেয়, সে কথা রক্ষা করে। বিএনপি এ দেশের পরীক্ষিত ও গণমানুষের দল।
দলটির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি জানান, গত ১৭ বছর স্বৈরাচারী শাসনের আমলে শত মামলা, নির্যাতন ও জুলুমের শিকার হয়েও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীরা কখনো আপোষ করেননি।
নিজের নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে ড. এম এ কাইয়ুম বলেন, আমার অঙ্গীকার ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত একটি নিরাপদ ও মানবিক সমাজে রূপান্তর করা। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং সমাজভিত্তিক উদ্যোগ ও জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক। আমরা আশা করছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে।





