এনসিপি প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন নম্বর-২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চালানোর সময় অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে কলটি কেটে দেওয়া হয়।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই অপরিচিত নম্বরের ব্যক্তি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে। এ কারণে বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়েছে।

এদিকে একই দিন এক ভিডিওবার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করেন আখতার হোসেন। তিনি বলেন, ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং কোনো হুমকিতে পিছপা হবেন না।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত আদর্শ ও কর্মসূচি দিয়ে। হুমকি ও ভয়ভীতির রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না। তার দাবি, সারা দেশের মতো তার নির্বাচনি এলাকাতেও শাপলা কলি প্রতীকের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।

আখতার হোসেন অভিযোগ করেন, শনিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে কল করে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং নির্বাচনের পর তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।