নির্বাচনে মেঘনা আলম ৬০৮, আম জনতার তারেক ১,০৪৪ ভোট-জামানত বাজেয়াপ্ত
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। রাত থেকেই বেসরকারিভাবে ফলাফল প্রকাশ শুরু হয়।
ঢাকা-৮ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, তিনি মোট পেয়েছেন ৬০৮ ভোট। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই প্রধান চ্যালেঞ্জ: ফখরুল
অন্যদিকে, ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এখানে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এছাড়া মোট বাতিল ভোটের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৪টি—যা আমজনতা দলের প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যার চেয়েও বেশি।
আরও পড়ুন: দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : মঈন খান
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।





