২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা, দুই আসনের ফল স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
তিনি বলেন, নির্ধারিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এ ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাপনী বক্তব্যে ইসি সচিব নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সহযোগিতা, ধৈর্য ও পেশাদারিত্বের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ভূমিধস জয় বিএনপির, ঐতিহাসিক প্রত্যাবর্তন তারেক রহমানের
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখতে তিনটি পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়, সংশ্লিষ্ট আসনগুলোতে আদালতে মামলা চলমান থাকায় ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে।
এর মধ্যে শেরপুর-২ আসনের ফল ইতোমধ্যে ঘোষণা করা হলেও, আপাতত ওই আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।





