সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান

রিজভী জানান, শোক দিবস উপলক্ষে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, তিনি ছাত্রজীবন থেকে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান বন্যা পরিস্থিতির কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।