৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ায় আগামী ৫ ডিসেম্বর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরে শিবগঞ্জের মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে নবগঠিত মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একটি বৃহৎ অবকাঠামো প্রকল্পের কাজও শুরু করার কথা রয়েছে তাঁর। এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।
প্রতিমন্ত্রী আরো জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ওই দিন প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করবেন তিনি।
আরও পড়ুন: গাজীপুরে নাশকতার আশঙ্কায় ৮০ জন গ্রেপ্তার, পেট্রোলসহ আটক আওয়ামী লীগ নেতা
মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।





