গণভোটের রায় বাস্তবায়নের শর্তে রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন
  • মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ে বাড়ানো হয়েছে নজরদারি 
  • সরকারের সঙ্গে ঐক্যে আছে শর্ত

দেশজুড়ে নাশকতা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীণ সরকারের সঙ্গে থাকবে ১১ দলীয় ঐক্য। তবে গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি শর্ত মানতে হবে সরকারকে। ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ১১ দলীয় ঐক্য। গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার শর্তে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। তাদের দাবি, গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ইস্যুতে সরকারের ভূমিকা এবং রাজনৈতিক অঙ্গনে পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশজুড়ে নৈরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। বিভিন্ন স্থানে অপরাধ, সহিংসতা ও নানা অপ্রীতিকর ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুনদ্ধ: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ১১ দলীয় ঐক্য জোটের নেতারা জানিয়েছেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার অবস্থানে রয়েছে তারা। তাদের মতে, গণভোটের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে, তার যথাযথ প্রতিফলন রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্তে নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না বলেও মনে করছেন তারা। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়ন শুধু রাজনৈতিক কোনো দলের দাবি নয়, বরং এটি জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। তাই এ দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে ১১ দলীয় ঐক্যের এমন অবস্থানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে এ দাবিতে জোটটি কী ধরনের কর্মসূচি ঘোষণা করে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। সরকারের সঙ্গে রাজপথে জোটটির ভূমিকা কী হবে এবং আগামী দিনে তাদের কর্মসূচি কোন দিকে এগোবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দিতে গণভোটের রায় বাস্তবায়ন শর্তে রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য।

আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

জানা গেছে, গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জমায়েত হয়ে দেশীয় অস্ত্রসহ মাথায় হেলমেট পরে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এই মহড়ায় যুক্ত হচ্ছেন। এ সময় শহরের কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। এর আগে বুধবার রাতভর গোপালগঞ্জ জেলার ঢাকা-খুলনা-মহাসড়ক, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর আঞ্চলিক সড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন তারা।

মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীরা: গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা। এ সময় তারা থানার কয়েকটি গাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দেয়। পরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। তবে স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল নিয়ে একদল লোক মুকসুদপুর থানায় গিয়ে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা থানার বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা আশপাশের এলাকায় আশ্রয় নেন বলে জানা গেছে। এদিন সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু খানের গোপালগঞ্জ শহরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তার বাসার সামনেও অগ্নিসংযোগ করা হয়। এদিন সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকালে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে নাশকতার আশঙ্কায় ৮০ জন গ্রেপ্তার, পেট্রোলসহ আটক আওয়ামী লীগ নেতা

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ভাঙচুর করা মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় শোডাউন করেন।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য। তবে সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দিতে গণভোটের রায় বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিগত ফ্যাসিবাদী পরাজিত শক্তি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় আবারও বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে ১১ দল বৈঠকে বসেছে। যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তিকে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। তিনি বলেন, নৈরাজ্যের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে, এমনটা যারা মনে করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। এ ধরনের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ১১ দল। বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বাংলাদেশি নাগরিকরা প্রাণ হারিয়েছেন। অনেক জায়গায় মানুষের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একইসঙ্গে জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রশ্নে সরকারও বিষয়টি অনুভব করছে এবং স্বীকার করছে। তবে ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা। তিনি বলেন, গণভোটের রায় কার্যকর করা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ সরকারকে নতুন করে আমলে নিতে হবে। গণরায় উপেক্ষা করার মনোভাব থেকে সরকারকে সরে এসে জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাত দফা দাবির বিষয়ে জানতে চাইলে ১১ দলীয় জোটের এ নেতা বলেন, আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি। এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত শক্তি ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে আমরা সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি। ১১ দলের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নীতিগতভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ১১ দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।