আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)–এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে—যার কোনো যৌক্তিক কারণ দৃশ্যমান নয়। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)–এর সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। এ সময় ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিল।

আরও পড়ুন: সাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে অলআউট বাংলাদেশ

এরই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডে নেই।