আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টসের সময় ভুল বোঝাবুঝি, ম্যাচ শেষে হাত মেলালো বাংলাদেশ–ভারত

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের অধিনায়কদের মধ্যে টসের সময় করমর্দন না হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ‘অনিচ্ছাকৃত চ্যুতি’ হিসেবে ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ঘটনাটির পেছনে কোনো অসৌজন্য বা ইচ্ছাকৃত আচরণ ছিল না।

শনিবার (স্থানীয় সময়) জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম সাময়িক অসুস্থতার কারণে টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে টস করেন।

আরও পড়ুন: ৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টসের পর উপস্থাপকের সঙ্গে কথা বলার তাড়াহুড়োয় দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়নি। এ বিষয়ে বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এটি মুহূর্তের একাগ্রতা চ্যুতির ফল।’

ম্যাচে প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ৪৯ ওভারে ভারত ২৩৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর ফের বৃষ্টি নামে। পরে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। শেষ পর্যন্ত ১৪৬ রানেই অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা। ফলে ভারত ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে জয় পায়।

আরও পড়ুন: সাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে অলআউট বাংলাদেশ

ম্যাচ শেষে অবশ্য ক্রিকেটীয় শিষ্টাচার মেনে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন। বিসিবি জানায়, খেলোয়াড়দের প্রতিপক্ষের সঙ্গে সবসময় সৌহার্দ্য, ক্রীড়াসুলভ আচরণ ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার বিষয়ে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।