বিশ্বকাপের আগে ব্রাজিলের গোলবন্যা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ১:২০ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দের দেখা দিয়েছে ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় অধিনায়ক ক্যাসেমিরোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

তবে ১৩ মিনিটে সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে জালে জড়ালে সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।

সমতায় ফেরার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। ৩৮ মিনিটে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল থেকে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে দেন অধিনায়ক ক্যাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। বিরতির সময় গোলরক্ষক অ্যালিসনের পরিবর্তে এডারসনকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। এরপর একের পর এক আক্রমণে পানামার রক্ষণভাগ ভেঙে আরও চারটি গোল আদায় করে নেয় স্বাগতিকরা।

ম্যাচের ৮৩ মিনিটে কার্লোস হার্ভে পানামার হয়ে একটি গোল শোধ দিলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

বিশ্বকাপের আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আগামী ৭ জুন আরেকটি প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।