বিসিবি পরিচালক হওয়ার একদিন পরই পদত্যাগ করলেন প্রতিমন্ত্রীর ছেলে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৮:৪২ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি একাধিক বিসিবি পরিচালক নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর থাকায় বিসিবির মতো একটি জাতীয় ক্রীড়া সংস্থার পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়।

তিনি আরও জানান, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগ গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে একমাত্র প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে নির্বাচনের আগেই দায়িত্ব পালন নিয়ে অনাগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা যায়।