আইসল্যান্ড ম্যাচে ফিরছেন মেসি, আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ ছিল অধিনায়ক লিওনেল মেসির ফেরা নিয়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, আইসল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যাবে মেসিকে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসি খেলার জন্য প্রস্তুত থাকলেও কতক্ষণ মাঠে থাকবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: বিসিবি পরিচালক হওয়ার একদিন পরই পদত্যাগ করলেন প্রতিমন্ত্রীর ছেলে

স্কালোনি বলেন, “মেসি খেলবে। তবে কত মিনিট খেলানো হবে, তা নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। আমরা দেখব কতটা সময় মাঠে থাকা তার জন্য নিরাপদ।”

ইনজুরির কারণে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামেননি মেসি। ওই ম্যাচে বেঞ্চে বসেই সময় কাটান তিনি। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুন: টরন্টোতে বিশ্বকাপ ঘিরে উৎসবের ঢল, কানাডা এখন ফুটবল উন্মাদনার নগরী

অন্যদিকে, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের খেলা এখনও অনিশ্চিত। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে এখনো গ্লাভস ছাড়া অনুশীলন করতে দেখা যাচ্ছে। ফলে আইসল্যান্ডের বিপক্ষে পোস্টের নিচে জেরোনিমো রুলিকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলের রক্ষণভাগ ও মাঝমাঠেও কয়েকটি পরিবর্তনের আভাস মিলেছে। ইনজুরি কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজদের শুরুর একাদশে দেখা যেতে পারে। হন্ডুরাস ম্যাচে তারা বদলি হিসেবে খেলেছিলেন।

আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে গোল করা লাউতারো মার্টিনেজের পরিবর্তে হোসে ম্যানুয়েল লোপেজকে বেশি সময় দেওয়া হতে পারে। তবে হুলিয়ান আলভারেজ ও লিয়েন্দ্রো পারেদেসকে এখনও পুরোপুরি ম্যাচ ফিট মনে করছেন না কোচিং স্টাফ।

এদিকে, সম্প্রতি চোটের কারণে বিশ্বকাপ পরিকল্পনা থেকে ছিটকে পড়া ডিফেন্ডার লুকাস বালের্দির বিকল্প এখনও ঘোষণা করেনি আর্জেন্টিনা। স্কালোনি জানিয়েছেন, আইসল্যান্ড ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের পর প্রয়োজন হলে নতুন কাউকে দলে ডাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।