বিশ্বকাপের প্রথম ম্যাচে কেন খেলছেন না নেইমার?
২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘আফ্রিকান ব্রাজিল’ খ্যাত মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে কার্লো আনচেলত্তির দল। তবে প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এসেছে নেইমার জুনিয়রের চোট।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও বর্তমানে চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। শুরুতে তার ক্লাব সান্তোস জানিয়েছিল, নেইমারের পায়ে সামান্য ফোলাভাব রয়েছে। পরে পরীক্ষায় দেখা যায়, তার পায়ের কাফের পেশিতে ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে।
আরও পড়ুন: প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে গোলের নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য নিয়মিত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে এখনও তিনি দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিতে পারেননি। ফলে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
শনিবার দিবাগত রাত ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমারের পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আরও পড়ুন: ড্র করেই বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লিখল কানাডা
আনচেলত্তি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরবে।”
একইসঙ্গে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কারণও ব্যাখ্যা করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, “নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি। তার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।”
যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে অবস্থান করলেও এখনও পুরোপুরি অনুশীলন শুরু করতে পারেননি নেইমার। সম্প্রতি সতীর্থদের সঙ্গে বল নিয়ে হালকা অনুশীলন করলেও তিনি বুটের বদলে রানিং শু ব্যবহার করেছেন। এছাড়া তার বেশিরভাগ সময় কাটছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে।বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা। এর মধ্যেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাকে বেঞ্চে দেখা যেতে পারে বলে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা, চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরবেন নেইমার এবং বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বগুলোতে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।





