মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫৩ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও রানার্সআপ হয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। তবে দলের সঙ্গে ফেরেননি অধিনায়ক লিওনেল মেসি। ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সোমবার (স্থানীয় সময়) কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা ও সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়। বিশ্বকাপ জিততে না পারলেও খেলোয়াড়দের বরণ করে নিতে উপস্থিত ছিলেন এএফএর কর্মকর্তারা।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

তবে বিমান থেকে নামতে দেখা যায়নি লিওনেল মেসিকে। এর আগে এএফএ জানিয়েছিল, স্কোয়াডের কয়েকজন সদস্য দলের সঙ্গে দেশে ফিরবেন না। মেসির পাশাপাশি আরও কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন।

এদিকে বৃষ্টি ও শীত উপেক্ষা করে এজেইজা বিমানবন্দরের বাইরে এবং জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের আশপাশে জড়ো হন হাজারো সমর্থক। আকাশি-সাদা পতাকা ও ছাতা হাতে করতালি ও স্লোগানে তারা রানার্সআপ দলকে স্বাগত জানান। শিরোপা হাতছাড়া হলেও খেলোয়াড়দের প্রতি সমর্থকদের ভালোবাসায় কোনো কমতি দেখা যায়নি।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

বিশ্বকাপ ফাইনালের পর বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থক দলকে অভিনন্দন জানাতে জড়ো হন। আতশবাজি, গান ও করতালির মধ্যেই উৎসব শুরু হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে উচ্ছৃঙ্খল কিছু সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। তবে দেশে ফেরার পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করেছে, শিরোপা না জিতলেও স্কালোনির দল এখনও আর্জেন্টাইনদের হৃদয়ের দল।