আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও সফল অধ্যায়ের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এই ডিফেন্ডার জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন।

বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

ওতামেন্দি বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে যে সম্মান দিয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়।’

বিদায়ী বার্তায় তিনি বিশ্বকাপ ফাইনালের স্মৃতিও তুলে ধরেন। তার ভাষায়, ‘নিয়তি চেয়েছিল আমার শেষ ম্যাচটি যেন একটি বিশ্বকাপ ফাইনাল হয়। ফলাফল আমাদের প্রত্যাশামতো হয়নি, তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ এই দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আমি জানি, আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।’

আরও পড়ুন: শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা

দীর্ঘ ক্যারিয়াজুড়ে সমর্থন দেওয়ার জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিজ্ঞ ডিফেন্ডার। তিনি বলেন, ‘আপনারা আমাদের এমন অনুভূতি দিয়েছেন যে, জাতীয় সংগীত বাজলে আমরা শুধু ১১ জন খেলোয়াড় নই, বরং একই স্বপ্ন বহন করা লাখো মানুষের প্রতিনিধি।’

এর আগেই ওতামেন্দি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট। ফাইনালের কয়েক দিনের মধ্যেই সেই ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করলেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সাফল্যে ভরা। ১৩৯টি ম্যাচে অংশ নিয়ে ৮টি গোল করেছেন তিনি। খেলেছেন চারটি বিশ্বকাপে—২০১০, ২০১৮, ২০২২ ও ২০২৬ আসরে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের স্বাদ পান এবং ২০২৬ বিশ্বকাপে দলকে রানার্স-আপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়ী দলেও ছিলেন অন্যতম সদস্য।