নেইমারের পর ব্রাজিলের পেনাল্টির দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া?

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেইমারের অবসরের পর ব্রাজিল জাতীয় দলের পেনাল্টি নেওয়ার দায়িত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন ব্রুনো গিমারায়েস। ফলে নতুন পেনাল্টি টেকার খুঁজছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।

পরিসংখ্যান অনুযায়ী, পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে রাফিনিয়ার সাফল্য চোখে পড়ার মতো। পেশাদার ক্যারিয়ারে ২৪টি পেনাল্টির মধ্যে ২৩টিই গোলে পরিণত করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রায় এক দশক ধরে স্পট কিক থেকে গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

আরও পড়ুন: এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে পাঁচটি পেনাল্টি নিয়ে সব কটিতেই গোল করেন রাফিনিয়া। চলতি মৌসুমেও এখন পর্যন্ত তিনটি পেনাল্টির প্রতিটিই গোলে পরিণত করেছেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ব্রাজিলের নতুন পেনাল্টি টেকার হিসেবে তার নাম আলোচনায় উঠে এসেছে।

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। আসন্ন এই দুই ম্যাচের আগে দলের পেনাল্টি নেওয়ার দায়িত্ব নিয়েও ভাবছেন আনচেলত্তি।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর

ব্রাজিল কোচ জানিয়েছেন, খেলোয়াড় ও প্রতিপক্ষের গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেছে তার কোচিং স্টাফ। পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে আগে নেইমারকে প্রথম পছন্দ হিসেবে রাখা হয়েছিল। এরপর ছিলেন ইগোর থিয়াগো, রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

তবে চোটের কারণে বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে খেলতে পারেননি রাফিনিয়া। বর্তমানে পুরোপুরি ফিট থাকায় নতুন করে তার ওপরই আস্থা রাখতে পারেন আনচেলত্তি।

রাফিনিয়ার পেনাল্টি নেওয়ার দক্ষতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে কাতালান সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৬টি পেনাল্টির মধ্যে বার্সেলোনার হয়ে ১৩টি এবং ব্রাজিলের হয়ে তিনটি নিয়েছেন রাফিনিয়া। এর মধ্যে নয়টি শট নিয়েছেন গোলরক্ষকের ডান দিকে, ছয়টি বাঁ দিকে এবং একটি গোলপোস্টের মাঝ বরাবর।

শট নেওয়ার ক্ষেত্রে এমন বৈচিত্র্যের কারণে রাফিনিয়ার পেনাল্টির গতিপথ আগেভাগে অনুমান করা গোলরক্ষকদের জন্য কঠিন। সব মিলিয়ে নেইমারের বিদায়ের পর ব্রাজিলের নিয়মিত পেনাল্টি টেকার হিসেবে রাফিনিয়াকেই দেখা যেতে পারে।