‎মমেকে ‎ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু, ভর্তি ৫৯

Sadek Ali
‎এম.এ.কিবরিয়া, ময়মনসিংহ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:০৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। ময়মনসিংহ বিভাগের বাইরেও গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের মতো পাশের জেলাগুলো থেকেও প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন চিকিৎসা নিতে। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা।

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী খেলন সরকার নামের এক নারী মৃত্যুবরণ করেন। তিনি ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। সোমবার সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা–মেয়েসহ ৩ জনকে ইয়াবা দিয়ে ‘ফাঁসানোর চেষ্টা’

‎‎হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডাঃ মোঃ সেলিম উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ড ও এর আশপাশে মোট ১৩০ জন চিকিৎসা নিচ্ছেন। তবে সুস্থ হয়ে একই সময়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন রোগী। চলতি বছরে হাসপাতালটিতে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৭২৩ জনে, যার মধ্যে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

‎‎রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন সংকটের কারণে অনেকেই মেঝে বা বারান্দায় থেকে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। টাঙ্গাইলের একটি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আলাউদ্দিন (৩৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে তীব্র জ্বর, শরীর ব্যথা ও বমি-ডায়রিয়া নিয়ে চার দিন ধরে হাসপাতালের বারান্দায় শয্যা ছাড়াই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: বেতাগীতে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

‎‎চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আসা অধিকাংশ রোগীই তীব্র জ্বর, প্লাটিলেট কমে যাওয়া, বমি, পেটে ব্যথা, সর্দি-কাশি এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণের মতো জটিল লক্ষণ নিয়ে আসছেন। অতিরিক্ত রোগীর চাপে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন ওয়ার্ডের ডাক্তার ও নার্সরা।

‎