২৫ বছর পর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়ের দেখা পেল কভেন্ট্রি
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটল কভেন্ট্রি সিটির। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়ের খরা কাটিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। এই জয়ে অবনমন অঞ্চল থেকে নিজেদের তিন পয়েন্ট দূরে সরিয়ে নিয়েছে তারা।
২০০১ সালের এপ্রিলে হাইফিল্ড রোডে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল কভেন্ট্রি। জন হার্টসনের একমাত্র গোলে পাওয়া সেই জয়ের পর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর জয়ের দেখা পায়নি দলটি। এমনকি ঘরের মাঠে লিগে গোল করার অপেক্ষাও দীর্ঘ হয়েছিল তাদের। অবশেষে নিউক্যাসলের বিপক্ষে দাপুটে জয়ে সেই অপেক্ষার অবসান হলো।
আরও পড়ুন: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর
কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি অ্যারেনায় ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জ্যাক রুডোনি। বক্সের মধ্যে সিদিকি শেরিফকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় কভেন্ট্রি। সেই সুযোগ কাজে লাগিয়ে ঐতিহাসিক গোলটি করেন রুডোনি। এর মধ্য দিয়ে ৯ হাজার ৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগে গোলের দেখা পায় কভেন্ট্রি।
দ্বিতীয়ার্ধের শুরুর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন শেরিফ। পরে সভেন বটম্যানের গোলে ব্যবধান কমায় নিউক্যাসল। তবে তাতে ম্যাচে ফেরার সুযোগ পায়নি সফরকারীরা। পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে কভেন্ট্রি।
আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়
এলিস সিমস ও স্টিফেন এমফুনির গোলে বড় জয় তুলে নেয় ল্যাম্পার্ডের দল। টানা দ্বিতীয় জয়ে ছয় ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করেছে কভেন্ট্রি, যা তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্টে নিয়ে গেছে।





