আশুলিয়ায় অপহৃত শিশু সাইম উদ্ধার, গ্রেপ্তার ২

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৪৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় অপহৃত ৮ বছরের শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণচক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে শিশু উদ্ধারের বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকীবুল হাসান ঈশান।

আরও পড়ুন: আগুনে পুড়লো গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গ্রেপ্তার দুজন হলেন অপহরণচক্রের মূলহোতা নাদিম হাসান হৃদয় (৩৩) ও তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার (৩১)। নাদিম ময়মনসিংহের পাগলা থানার নেত্তকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। নাছিমা কুমিল্লার বুড়িচং থানার কংশনগর খানবাড়ীর মোবারক হোসেন খানের মেয়ে।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহের ভালুকা থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

সাইম আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আলহাজ্ব আব্দুল রশিদ মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। গত ৩ অক্টোবর বেলা সোয়া ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

পুলিশ জানায়, অপহরণের পর ইমো অ্যাকাউন্টের মাধ্যমে শিশুটির পরিবারের কাছে মেসেজ পাঠিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ৪ অক্টোবর পরিবারের অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৮/৩০ ধারায় মামলা করা হয়।

মামলার তদন্তে আশুলিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নাদিম হাসান হৃদয় অপহরণচক্রটির মূলহোতা।