নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিরপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয় সামলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দলের স্বীকৃত ব্যাটাররা ব্যর্থ হলেও আট নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন নাঈম হাসান। তাঁর ৫২ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৪২ রানে।

তৃতীয় দিনের শেষ ভাগে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। চতুর্থ দিনে দলের আশা ছিল স্বীকৃত ব্যাটার জাকের আলির ওপর। তবে তিনি ২২ রান করে জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

আরও পড়ুন: ৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

এরপর দলের হাল ধরেন নাঈম। ২৯ রানে থাকা অবস্থায় স্লিপে তাঁর ক্যাচ ছাড়েন চেজ। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রথম টেস্ট অর্ধশতক তুলে নেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৯১ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করে চেজের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানও এসেছে তাঁর ব্যাট থেকে।

এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত ৩৫ রান। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে ওই ইনিংস খেলেছিলেন তিনি। মিরপুরে এবার বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: সাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে অলআউট বাংলাদেশ

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় সেই সুবিধা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রোস্টন চেজ সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন। জোমেল ওয়ারিকান শিকার করেন চার উইকেট। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন চেজ।