ইউআইইউ গড়ল বংলাদেশের নতুন ড্রোন ইতিহাস: বিশ্বে ৪র্থ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৪ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েই এমন সাফল্য পেয়েছে দলটি। ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চার দিনের এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়া, তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার মতো চ্যালেঞ্জের মধ্যেও ইউআইইউর দলটি নিজেদের প্রযুক্তিগত ও প্রকৌশল দক্ষতার সফল প্রয়োগ করে চতুর্থ স্থান অর্জন করে।

আরও পড়ুন: গেম নির্মাতাদের জন্য আসছে নতুন সুবিধা

২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এসইউএএস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশ নেয়। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে।

প্রতিযোগিতার সময় প্রতিকূল আবহাওয়ার কারণে দলগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের মধ্যে ২১টি দল ক্র্যাশের শিকার হয়।

আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ

এমন পরিস্থিতিতে ইউআইইউর ইউএআরটি দ্রুত কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয় করে সফলভাবে মিশন শেষ করে। আয়োজক প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নেওয়ার কৃতিত্বও অর্জন করেছে ইউআইইউর দলটি।

এসইউএএস ২০২৬-এ কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। এসব আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউর ইউএআরটির চতুর্থ স্থান অর্জনকে বিশ্ববিদ্যালয়টির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র‌্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর পেয়েছে। পাশাপাশি দলটি একমাত্র টিম হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করেছে বলে জানানো হয়েছে।

ইউএআরটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকেলে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং নিরাপত্তাব্যবস্থা।

দীর্ঘদিনের গবেষণা, নকশা, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা এবং ধারাবাহিকভাবে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এই সিস্টেম তৈরি করেছে দলটি। প্রতিকূল পরিবেশেও এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার তাদের মিশন সফলভাবে শেষ করতে সহায়তা করেছে।

ইউআইইউর ইউএআরটির এই সাফল্য দেশের শিক্ষার্থীদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণায় আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাও তুলে ধরেছে এ অর্জন।