হঠাৎ বন্ধের পর আবার স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম, জানুন কী হয়েছিল?
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে দুই প্ল্যাটফর্মেই সমস্যার কথা জানান কয়েক হাজার ব্যবহারকারী।
স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এই বিভ্রাট শুরু হয়। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।
আরও পড়ুন: ইউআইইউ গড়ল বংলাদেশের নতুন ড্রোন ইতিহাস: বিশ্বে ৪র্থ
রয়টার্স জানিয়েছে, রাত ১০টার দিকে দুই প্ল্যাটফর্ম নিয়ে সমস্যার প্রতিবেদন দ্রুত কমতে শুরু করে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে। তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়। ফলে এই তথ্য থেকে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী বিভ্রাটের কারণে সমস্যায় পড়েছিলেন, তা নিশ্চিতভাবে বলা যায় না।
আরও পড়ুন: গেম নির্মাতাদের জন্য আসছে নতুন সুবিধা
এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের সাময়িক বিভ্রাট দেখা দিয়েছিল। তখন ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।





