হ্যাকারদের ফাঁদ ঠেকাতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
ডিজিটাল দুনিয়ায় হ্যাকার ও প্রতারকদের ফাঁদ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে লোভনীয় অফার, তাৎক্ষণিক ক্যাশব্যাক কিংবা এক্সক্লুসিভ ডিলের নামে প্রতারণা চালানো নতুন কিছু নয়। এসব ফাঁদে পড়ে প্রতিদিনই অসংখ্য মানুষ আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির শিকার হচ্ছেন।
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি সিকিউরিটি ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এটি একটি ওয়ান-ক্লিক নিরাপত্তা অপশন, যা একবার চালু করলেই একাধিক সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুগল এআই প্লাসের দাম কমল
এই সেটিংস চালু করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি নোটিফিকেশন সক্রিয় হবে। কোনো পরিচিত কনট্যাক্টের এনক্রিপশন কোডে পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী।
এছাড়া, এই ফিচার সক্রিয় থাকলে ব্যবহারকারীর লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি ও প্রোফাইল লিঙ্ক কেবল পরিচিত কনট্যাক্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অজানা বা অপরিচিত নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও কিংবা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
আরও পড়ুন: হঠাৎ সার্ভার ডাউন ফেসবুক ও মেসেঞ্জার, ব্যবহারকারীদের লগআউট
শুধু তাই নয়, অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে, ফলে বিরক্তিকর বা সন্দেহজনক কল থেকে রেহাই পাবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মীসহ যাদের সাইবার আক্রমণের ঝুঁকি বেশি, তাদের জন্য এই ফিচার বিশেষভাবে কার্যকর হবে।
তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি একটি ঐচ্ছিক নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহারকারীরা চাইলে নিজ উদ্যোগে এটি চালু করতে পারবেন। সাম্প্রতিক সময়ে মেটা সংস্থার কর্মীরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেখতে পারেন—এমন অভিযোগ ও বিতর্কের মধ্যেই এই নতুন নিরাপত্তা ফিচারের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।





