মেট্রোরেলের কার্ড ঘরে বসেই রিচার্জ করতে পারবেন যাত্রীরা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার মেট্রোরেলের যাত্রীরা এখন থেকে স্থায়ী কার্ড (র‌্যাপিড পাস ও এমআরটি পাস) ঘরে বসে অনলাইনে রিচার্জ করতে পারবেন। এর ফলে আর স্টেশন বা ব্যাংকের বুথে গিয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, এই সেবা আগামী ২৫ নভেম্বর থেকে চালু হবে। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে যাত্রীরা কার্ড রিচার্জ করতে পারবেন। পরবর্তীতে একটি অ্যাপ চালু করা হবে, যেখান থেকে আরও সহজে রিচার্জ করা যাবে।

আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে আসছে নতুন প্রস্তাব

রিচার্জ করার পদ্ধতি:

১. ডিটিসিএর ওয়েবসাইট বা অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে লগইন করুন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

২. রিচার্জ অপশনে গিয়ে কার্ড নির্বাচন করুন — র‌্যাপিড বা এমআরটি পাস।

৩. পেমেন্ট মাধ্যম বাছাই করুন — ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য অনলাইন ব্যাংকিং।

৪. টাকা পরিশোধের পর স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি একবার স্পর্শ করে রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন করুন।

মনে রাখতে হবে, অনলাইনে টাকা রিচার্জের পর এভিএমে স্পর্শ না করা পর্যন্ত টাকা অপেক্ষমাণ (Pending) অবস্থায় থাকবে। অপেক্ষমাণ টাকা ৩ মাস পর্যন্ত বৈধ থাকবে। ৩ মাসের মধ্যে এভিএমে স্পর্শ করা না হলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। যাত্রী চাইলে ৭ দিনের মধ্যে নিজেই ফেরত চাইতে পারবেন, এ ক্ষেত্রে ১০ শতাংশ ফি প্রযোজ্য।

ডিটিসিএর তথ্য অনুযায়ী, প্রতিটি স্টেশনে দুটি করে এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট মেশিন থাকবে ৩২টি।