শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য রেল ভ্রমণে ২৫% ছাড় ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান। তবে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ হাজী নিয়ে জেদ্দার পথে প্রথম যাত্রা

মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ভাড়া ছাড়ের জন্য বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র প্রদর্শন করলে ছাড় পাবেন। শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের টিকিট সংগ্রহ বা ভ্রমণের সময় অনবোর্ডেও যথাযথ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে প্রদত্ত কার্ড কার্যকর হবে। বীর মুক্তিযোদ্ধাদের এই সুবিধার আওতায় থাকা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

রেলের সার্বিক উন্নয়ন বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা রেলের সেবার মান ও গতি বৃদ্ধির পাশাপাশি নতুন প্রকল্প বাস্তবায়ন করছি। এর ফলে রেল আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে।”

আরও পড়ুন: কারওয়ান বাজারে হঠাৎ থেমে গেল মেট্রোরেল চলাচল

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী চাপ মোকাবিলায় ৮৫-৮৬টি লোকোমোটিভ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এটি সফল হলে শিডিউল বিপর্যয় এড়ানো সম্ভব হবে এবং অতিরিক্ত যাত্রী বহন সহজ হবে।

মন্ত্রী আরও জানান, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠকে তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারি করবে। এছাড়া, বাস মালিকরা যাতায়াতের সময় সেতুর টোল মওকুফের বিষয়টি নিয়ে আলাপ করেছেন।

ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ সম্পর্কে মন্ত্রী বলেন, “পৃথিবীর অন্য কোথাও দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ শহর ছাড়ে না। আমরা যে প্রস্তুতি নিয়েছি, তা স্বস্তিদায়ক ও আরামদায়ক ঈদযাত্রা নিশ্চিত করবে।”

একদিনের ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। প্রয়োজন হলে ভবিষ্যতে এই বিষয়টি বিবেচনা করা হতে পারে।