সোনারগাঁয়ে অবৈধ গ্যাসে চলা দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত দুটি চুনা কারখানা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি রেস্তোরাঁর সংযোগ বিচ্ছিন্ন করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র তিতাসের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে দুটি চুনা কারখানা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

এ ছাড়া পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে রেস্তোরাঁয় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে রান্নার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

অভিযানে তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।