সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
ঢাকাসহ সারাদেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। বর্তমানে এটি লঘুচাপ আকারে বিহার ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন: নতুন নতুন এলাকা প্লাবিত, পাকা ধানের সোনালী মাঠ তলিয়ে এবার ভাঙন শুরু
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।





