১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উত্তর-পূর্ব শ্রীলংকা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল অতিক্রম করেছে। পরবর্তীতে এটি আরও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর একটি বর্ধিতাংশ এখনো উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: রাজধানীসহ দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের আটটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। ফলে এসব এলাকায় শীতের তীব্রতা আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।