সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ২২ জুন ২০২৬ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ১১ জেলার ওপর দিয়ে সোমবার (২২ জুন) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ১৪ জেলার ওপর ঝড়ো হাওয়ার আভাস

পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদদের মতে, চলমান ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিনে আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।