ছবি তোলা নিয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, বহু আহত

Shakil
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছবি তোলা কেন্দ্র করে ৬ গ্রামের বাসিন্দাদের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ ঘটেছে। এতে ৬ গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন।  

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সংঘর্ষ রাত ৯টায় গিয়ে থামে। উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টিসহ ৬ গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।  

সংঘর্ষে আহত হয়েছেন - আছাদ  ও আজিজুল, হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরসহ ৩০ জন।  

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

আছাদ ও আজিজুলকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ছবি তোলা নিয়ে যুবকদের মধ্যে কথা-কাটাকাটির পরে গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার কয়েকজন যুবক ছুলনা বাজারে ছবি তুলছিলেন। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও  নাওরা এলাকার বাবু, রিফেলসহ কয়েকজন যুবকদের মধ্যে  কথা-কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জেরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  দুই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৩০ জন লোক আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।