রাজশাহীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩ ও আহত ১০

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

নিহতরা হলেন গোদাগাড়ীর বড়গাছি গ্রামের নাইমুল ইসলাম (৮০), তাঁর ভাই মেহের আলী (৭০) এবং রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার সোহেল রানা (৪৫)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নাইমুল, মেহের ও সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের মধ্যে কে কোন পক্ষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

পুলিশ বলছে, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজব (৩১) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁদের শরীরে জখম ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। 

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসের আলী জানান, আহতদের সবাইকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

তিনি আরও জানান, এই সংঘর্ষের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। তিনজন নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।