দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির প্রাণ গেল
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির প্রাণ গেছে। তিলাই নদীর উপর নির্মিত রেল সেতু দেখে ফেরার পথে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন দাদি মর্জিনা ও নাতনি সাথি।
শনিবার বেলা ১২টার দিকে পৌর শহরের নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুর জিআরপি থানার এসআই কাজল।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তার নাতনি সাথি বেগম (৯)। সাথি সাফিয়ার হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই কাজল বলেন, মর্জিনাসহ আরও কয়েকজন ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সকালে তারা তিলাই নদীর উপর নির্মিত রেল সেতু দেখতে বের হন। সেতুর মাঝামাঝি পৌঁছালে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেন ঢুকে পড়ে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
এ সময় অন্যরা রেল লাইন পার হতে পারলেও মর্জিনা ও সাথি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে তিনি জানান।
এসআই কাজল আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





