ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে ৫ জনের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন যাত্রী নিহত এবং ১৫ জন আহত হন।
বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থল বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকা।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও অপর তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
এ ঘটনায় আহতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। তাদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তার মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, পাঁচজন নিহত হয়েছেন, আহতের সংখ্যা একাধিক। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চলমান রয়েছে।





