ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩) এবং কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও তাঁর বোন বিউটি (৩০)।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ট্রাক ভাঙ্গা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের যাত্রী ভাই–বোনসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুজন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন,দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।