কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আটক ১১

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষার আগে নাগেশ্বরীর কাজীপাড়া ও খাদ্যগুদামের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেকবুকের ফাঁকা পাতা, প্রশ্নপত্র, উত্তরপত্র, চারটি ডিভাইস ও প্রবেশপত্র উদ্ধার করা হয়। আটকাদের ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: আজিমের গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আটকরা হলেন—বাবু ইসলাম (৩২), জান্নাতুন নাঈম মিতু (২৬), শাহজাহান আলী (২৭), আনোয়ার হোসেন (২৮), বেলাল হোসেন (৩৮), মিনারুল ইসলাম (৪০), হিমেল মাহমুদ (২৮), প্রক্সি পরীক্ষার্থী চামেলী আক্তার (২৯), আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান সিদ্দিকী (৪০) এবং মাহবুব খান (৩৫)। এর মধ্যে মিনারুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু ইসলামের বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করা আরও ছয়জনকে ধাওয়া করে নাগেশ্বরী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস থামিয়ে আটক করা হয়।

আরও পড়ুন: চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষকরা

নাগেশ্বরী উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “দলের কোনো সদস্য যদি প্রশ্নপত্র ফাঁসসহ অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা কাউকে অপরাধের সঙ্গে জড়িত হওয়ার জন্য উৎসাহ দিই না।”

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং তাদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: বিএনপি নেতাসহ ১১ জন আটক