গাজীপুরে ৮ বছরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা — এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে রোববার পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। দিবসটি উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং দি লেপ্রসী মিশন বাংলাদেশ ও ইফেক্ট হোপ-এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পোশাক কর্মীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী পালন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নার্স, বিভিন্ন এনজিও কর্মী, সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন কুষ্ঠ রোগী অংশ নেন। পরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, মেডিক্যাল অফিসার সিভিল সার্জন ডা. সাবরিনা মোহনা, মেডিক্যাল অফিসার ডা. রোবানা আফসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম প্রমুখ। দি লেপ্রসী মিশন বাংলাদেশ-এর জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি. সমুয়েল সরকার।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

অনুষ্ঠানে বক্তারা জানান, কুষ্ঠ রোগ একটি নিরাময়যোগ্য রোগ, ছয় মাস থেকে এক বছর নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ সম্পূর্ণ ভালো হয়। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী কুষ্ঠ ক্লিনিকে এ রোগের পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়।

জানা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গাজীপুরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৯ জন এখনো চিকিৎসা নিচ্ছেন, বাকিরা সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তবে শিল্পসমৃদ্ধ গাজীপুরে প্রতিনিয়ত রোগী সনাক্তকরণের হার বাড়ছে। এ জন্য বেসরকারী সংস্থা দি লেপ্রসী মিশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সচেতনতাবৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন, সনাক্তকৃত রোগীদের সঠিক চিকিৎসার ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী পালন করছে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০