ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী।
ওই ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী হলদীগ্রাম এলাকার শফিক মিয়ারের ছেলে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে মোটরসাইকেল চালক শাহজামাল দ্রুতগতিতে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় সন্ধ্যাকুড়া এলাকায় রাস্তা পারাপারের মুহূর্তে খালেদা আক্তারকে সজোরে ধাক্কা দেন। এতে তার শাড়ি মোটরসাইকেলে পেঁচিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
শাহজামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





