শ্রীপুরে কৃষকের স্বপ্নের ফসল এক বিঘা শসা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতি

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৬ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ কৃষক মোবারক হোসেন
ছবিঃ কৃষক মোবারক হোসেন

গাজীপুরের শ্রীপুরে উজিলাব এলাকায় রাতের আঁধারে কৃষকের স্বপ্নের ফসল প্রায় এক বিঘা শসা ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ (২০ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে জমিতে শসা তুলতে গিয়ে কৃষক মোবারক হোসেন এমন দৃশ্য দেখেন।

কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন) বাসিন্দা। তিনি জানান, কয়েক মাসের পরিশ্রমে চাষ করা শসা ক্ষেত সবে মাত্র ফলন দেওয়া শুরু করেছিল। ঠিক এমন সময়েই পুরো ক্ষেতের গাছের গোড়া কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: শ্রীপুরে নিখোঁজ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠল গৃহবধূর মরদেহ

কৃষক মোবারক হোসেন বলেন, ‘আমি অনেক কষ্ট করে ধারদেনা করে এই শসা চাষ করেছি। ফলন আসতে শুরু করেছে—এই সময়ে সব গাছ কেটে দিল। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।’

এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, ‘এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।’

আরও পড়ুন: ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি: ত্রাণমন্ত্রী

স্থানীয়রা জানান, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক হোসেন মাঠে খেলতে আসা কিছু কিশোরকে সাবধানে খেলাধুলা করতে বলেছিলেন, যাতে ফসলের ক্ষতি না হয়। এ নিয়ে কিছু ছেলেপেলে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ ধারণা করছেন, কিশোর গ্যাং বা নেশাগ্রস্ত কয়েকজন তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকাবাসী জড়ো হয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।